প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন
Thank you for reading this post, don't forget to subscribe!বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রাক্তন চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আজ মঙ্গলবার সকাল ৯টা ২০ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী মরহুম নেতাদের রুহের মাগফিরাত কামনা করে ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ড. এ জেড এম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, ফারহাদ হালিম ডোনার, ইসমাইল জবিউল্লাহ এবং যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল ও শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ দলের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সকাল থেকেই সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। দিনের শুরুতেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের সকল কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ১৯ দফা কর্মসূচি নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার দূরদর্শী নেতৃত্বে দল গঠনের পর পরবর্তীতে বেগম খালেদা জিয়া এবং বর্তমানে তারেক রহমান দল পরিচালনা করছেন।
তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতায় ফেরার পর এই প্রথমবার বিএনপি তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। পাশাপাশি, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করার পর এটিই তাঁর অনুপস্থিতিতে দলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি পাঁচ দিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় আলোচনা সভার পাশাপাশি দেশের সকল জেলা, মহানগর ও উপজেলা ইউনিটে পৃথক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এছাড়া বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্তকরণের মতো সামাজিক কর্মসূচি পালন করছে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। শুভ দিনটি উপলক্ষে সংবাদপত্রে বিশেষ ক্রোড়পত্র প্রকাশের পাশাপাশি পোস্টারও প্রকাশ করা হয়েছে।
এ উপলক্ষে দেশবাসী, দলের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও রুহুল কবির রিজভী।
Bangladesh’s Former Prime Minister, Khaleda Zia, Dies At 80 — This video offers relevant background context regarding the passing of former Prime Minister Begum Khaleda Zia mentioned in the report.











