অর্থনীতি ও বাণিজ্য ডেস্ক: বাংলাদেশের দ্রুত বিকাশমান আবাসন খাত ও কর্পোরেট অর্থনীতিতে অসামান্য অবদানের জন্য বিশেষ সম্মানে ভূষিত হতে যাচ্ছেন দেশের অন্যতম প্রগ্রেসিভ রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ‘নেক্স রিয়েল এস্টেট’-এর ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাবাসসুম ইমাম। বিশ্বব্যাপী ব্যবসায়িক মেলবন্ধন ও অর্থনৈতিক অগ্রগতিকে তরান্বিত করার লক্ষ্যে আয়োজিত হতে যাওয়া ‘ইন্টারন্যাশনাল বিজনেস, এন্টারপ্রেনিউর, কালচার অ্যান্ড লিডারশিপ সামিট-২০২৬ (সিজন-৬)’-এ তাঁকে “Excellence in Corporate Real Estate Leadership” ক্যাটাগরিতে এই সম্মাননা প্রদান করা হবে।
Thank you for reading this post, don't forget to subscribe!আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৬ (শুক্রবার) রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিকেল ৫:০০ টা থেকে জমকালো এই আন্তর্জাতিক সামিট অনুষ্ঠিত হবে। অলাভজনক ও সামাজিক উন্নয়নমূলক সংস্থা ময়ূরপঙ্খী ফাউন্ডেশন এবং ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে এই মর্যাদাপূর্ণ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।
বাংলাদেশের বর্তমান অর্থসামাজিক বাস্তবতায় আবাসন খাত একটি অন্যতম প্রধান চালিকাশক্তি। অর্থ সংস্থান, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের সুযোগ তৈরিতে রিয়েল এস্টেট খাতের ভূমিকা অত্যন্ত গভীর। তাবাসসুম ইমামের বলিষ্ঠ নেতৃত্বে নেক্স রিয়েল এস্টেট শুধু আবাসন সেবাই প্রদান করেনি, বরং বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত টেকসই ও বিশ্বস্ত একটি প্ল্যাটফর্ম তৈরি করতে সক্ষম হয়েছে। বিশেষ করে আধুনিক স্থাপত্যকলা, কাঠামোগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্বচ্ছ বিনিয়োগ নীতি বাস্তবায়নে তাঁর নেওয়া পদক্ষেপগুলো অর্থনীতিবিদ ও খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করেছে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই আন্তর্জাতিক সম্মেলনটি দেশি-বিদেশি শিল্পপতি, বিনিয়োগকারী, নীতি নির্ধারক এবং কর্পোরেট ব্যক্তিত্বদের এক ছাদের নিচে নিয়ে আসার একটি বৈশ্বিক মঞ্চ। সম্মেলনে অর্থনৈতিক কূটনীতি, আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ এবং নতুন ব্যবসা উদ্যোগ বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে।
এই প্রসঙ্গে ডিরেক্টর ও সিইও তাবাসসুম ইমাম বলেন, “যেকোনো আন্তর্জাতিক স্বীকৃতি কাজের দায়িত্ব আরও বাড়িয়ে দেয়। দেশের আবাসন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং দেশীয় অর্থনীতিতে নতুন বিনিয়োগের গতি আনা আমাদের মূল লক্ষ্য। এই প্রাপ্তি নেক্স রিয়েল এস্টেটের প্রতিটি সদস্যের কঠোর পরিশ্রম ও শুভানুধ্যায়ীদের আস্থার প্রতিফলন।”
সম্মেলনে শীর্ষস্থানীয় উদ্যোক্তা, বিভিন্ন দেশের কূটনীতিক, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। অনুষ্ঠানসূচিতে কী-নোট প্রেজেন্টেশন, প্যানেল ডিসকাশন, অ্যাওয়ার্ড প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অন্তর্ভুক্ত রয়েছে।












