খাগড়াছড়ির ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্য জায়গার ছবি এনে গুজব ছড়ানোর অপচেষ্টা বন্ধে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ।
Thank you for reading this post, don't forget to subscribe!পাহাড়ের সাম্প্রতিক ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে হাসান আরিফ বলেন, এখানে যে ভুল বোঝাবুঝি হয়েছে, তা আগামীতে যেন আর না ঘটে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্য জায়গার ছবি এনে গুজব ছড়ানোর অপচেষ্টা বন্ধে সবাইকে ভূমিকা রাখতে হবে। নতুন বাংলাদেশ গড়তে একযোগে সবাইকে কাজ করতে হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে আসা প্রতিনিধিদলের সদস্য ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
প্রতিনিধিদলের সদস্যরা বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে স্থানীয় রাজনৈতিক নেতা, বিশিষ্টজন ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
সভায় জেলার শান্তি-সম্প্রীতি উন্নয়নে মতামত ব্যক্ত করে বক্তব্য দেন মং সার্কেলের রাজা সাচিংপ্রু চৌধুরী, জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া, সাবেক অধ্যক্ষ বোধিসত্ত দেওয়ান, সুশীল জীবন চাকমা, সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য প্রমুখ।
এ সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জান ছিদ্দিকী, সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মাইনুর রহমান, আইজিপি মো. ময়নুল ইসলাম, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরিফ মো. আমান হাসান, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল উপস্থিত ছিলেন।
উপদেষ্টারা পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি রক্ষায় বসবাসরত বাসিন্দাদের একযোগে কাজ করার এবং ষড়যন্ত্র রুখতে গুজবে কান না দেওয়ার অনুরোধ করেন। তাঁরা বলেন, পাহাড়কে অশান্ত করতে একটি মহল ষড়যন্ত্র করছে। এ সময় যার যার অবস্থান থেকে দল-মত নির্বিশেষে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তাঁরা।
এ সময় আইনশৃঙ্খলাবাহিনী ও প্রশাসনকে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেন উপদেষ্টারা। এর আগে রাঙ্গামাটি থেকে হেলিকপ্টারে খাগড়াছড়িতে আসেন তারা।
গত বুধবার এক যুবককে পিটিয়ে হত্যার জের ধরে জেলার দীঘিনালা ও খাগড়াছড়িতে সহিংসতায় তিন জন নিহত, কয়েকজন আহত হন। এ ঘটনায় বহু দোকানপাট পুড়িয়ে দেওয়া হয়। পাহাড়ি ও বাঙালিদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।











