জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়কালে চাকরিতে নানাভাবে বঞ্চনার শিকার এবং এ সময়ের মধ্যে অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে সুপারিশ প্রণয়নের জন্য গঠিত কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ।
Thank you for reading this post, don't forget to subscribe!সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে পরিষদ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এর আগে দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-২ শাখা থেকে এ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, ২৫টি ক্যাডারকে পাশ কাটিয়ে এ কমিটি শুধু জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় চাকরিজীবীদের জন্য গঠন করা হয়েছে বলে পরিষদ এ অসন্তোষ প্রকাশ করে। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ মনে করে উল্লিখিত সময়ে সব ক্যাডারেই এ ধরনের বঞ্চনা তৈরি হয়েছে। সুতরাং জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য এ ধরনের কমিটি গঠন করা হলে সব ক্যাডারের জন্যও একই ধরনের কমিটি গঠন করা আবশ্যক বলে পরিষদ মনে করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রত্যেকটি ক্যাডারের শীর্ষ কর্মকর্তাকে সভাপতি ও প্রয়োজনীয় সংখ্যক অন্যান্য সদস্য নিয়ে এ কমিটি গঠনের জন্য আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ প্রস্তাব করছে।
অনতিবিলম্বে এ ধরনের কমিটি গঠনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রত্যেকটি মন্ত্রণালয়কে নির্দেশনা প্রদানের জন্য পরিষদ অনুরোধ করছে। এ বিষয়ে পরিষদ প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ প্রার্থনা করছে।











