প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত
Thank you for reading this post, don't forget to subscribe!সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবিলম্বে ফিরিয়ে দিতে ভারতকে সরকার চাপ দেবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, অবিলম্বে ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত চাইবে না সরকার। এই মুহূর্তে বাংলাদেশ তার বড় প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক উত্তেজনা এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে।
আজ বুধবার (৩০ অক্টোবর) যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদের বিশেষ এক সাক্ষাৎকার প্রকাশ করেছে। সেখানেই উঠে এসে এই তথ্য।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর সরকার হাসিনাকে ফেরত চাইবে বলে জানিয়েছেন ড. ইউনূস। তিনি বলেন, ‘তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। এই মামলার রায় ঘোষণার পর ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। আমি মনে করি না যে রায় হওয়ার আগে এটা করার দরকার আছে।’
‘গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো ফ্যাসিবাদী দলের অস্তিত্ব থাকতে পারেন না’ উল্লেখ করে প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘তারা (আওয়ামী লীগ) জনগণকে নিয়ন্ত্রণ করেছে, তারা (রাজনৈতিক) মেকানিজম তৈরি করেছে, তারা নিজ স্বার্থে দেশের প্রতিষ্ঠানগুলো ব্যবহার করেছে।’

ড. ইউনূসের মতে আওয়ামী লীগ হয়তো ভেঙে যেতে পারে। কিন্তু তার সরকার এমন কিছু করবে না, কারণ তারা ‘রাজনৈতিক সরকার নয়’।
আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি-না, এমন প্রশ্নে প্রধান উপদেষ্টা জানান, বিষয়টি দেশের রাজনৈতিক দলগুলোর ‘ঐকমত্যে’র ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। ‘তাদেরকেই আওয়ামী লীগের রাজনৈতিক স্থান নির্ধারণ করতে হবে।’











